বৃষ্টি ভেজা দুপুর,
জানলার গ্রীলে জমে আছে ফোঁটা ফোঁটা আনন্দ----
আঙুলের স্পর্শের অপেক্ষায়।
রাস্তা টা প্রায় দেখা-ই যাচ্ছেনা,
ভরে গেছে অকাল বর্ষণে।
বুক ভরে নিলাম সোঁদা মাটির গন্ধ।
জানলাটার ওপারে হাজার সবুজের বৈচিত্র
আর এক চিলতে আকাশ।
ঝাপসা হয়ে আসা আকাশে
ভেসে উঠলো সেই প্রিয় মুখমন্ডল,
অলিন্দে, নিলয়ে সযত্নে রাখা সেই মুহূর্ত গুলোর চলচ্চিত্র----
তখন জানলার কাঁচে ।
ফোন টা কি বাজলো?
নাহ , কম্পমান চলভাষের গুঞ্জন মাঝে মাঝেই ভ্রম সৃষ্টি করে ,
ভুল ভাঙ্গলে আবার ফিরে আসে অপেক্ষার ঢেউ,
সঙ্গী হল টুকরো টুকরো ডিজিটাল স্মৃতি আর কফির পেয়ালা ।
স্মৃতি,
হয়ত তুমি বেদনার,
তবু ঠোটের কোনে এক চিলতে হাসি জাগাও যখন ,
সাজাতে ইচ্ছে করে ক্যানভাস টা নানান রঙ্গে ।
নিস্তব্ধ নিঃসঙ্গতা ভেঙ্গে চুরমার করে দিয়ে নামল বৃষ্টি
স্নায়ু গুলো হলো আরো সতেজ
আরো সুন্দর হলো পৃথিবী
তবু যেন অসম্পূর্ণতা থেকে গেল ---
হঠাত্ কম্পনের অনুভুতি দৃষ্টি নিয়ে গেল কম্পন উত্সের উপর,
সেই পরিচিত নির্মল সম্ভাষণ ।
এক অনাবিল আনন্দ সম্পুর্ন করলো পৃথিবীর সৌন্দর্য্য ----
রোজের মতই ।